
বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ: ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা শহরে ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
গ্রাহক ফোরামের সভাপতি রুহুল আমিন সিদ্দিক (খসরু) এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিন। এতে সঞ্চালনা করেন তরুণ ব্যবসায়ী মো. জহির রায়হান। এছাড়াও বক্তব্য দেন ব্যবসায়ী একরামুল হক, আব্দুল্লাহিল কাফি, মো. তাজমুল হক ও মো. সানোয়ার হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি দেশের কোটি কোটি গ্রাহকের আস্থা ও বিশ্বাস রয়েছে। সেই আস্থা অটুট রাখতে ব্যাংকের পরিচালনা ব্যবস্থায় সৎ, যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের সম্পৃক্ত করা প্রয়োজন। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি দ্রুত সময়ের মধ্যে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আরও দাবি করেন, এস আলম গ্রুপের তত্ত্বাবধানে ব্যাংকের পরিবেশ ও সুশাসন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তুলে ব্যাংকের এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে অপসারণের উদ্যোগ নেওয়া হোক।
এ সময় তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার একটি প্রতিষ্ঠান। এই আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের দায়িত্ব সৎ, যোগ্য ও আমানতদার ব্যক্তিদের হাতে তুলে দিতে হবে, যাতে প্রায় ৩ কোটি গ্রাহকের স্বার্থ সুরক্ষিত থাকে এবং ব্যাংকটি তার স্বাভাবিক কার্যক্রমে আরও শক্তিশালীভাবে এগিয়ে যেতে পারে।