
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:: আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৪” উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর ) বিকালে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালে পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে বাস টার্মিনালে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার ও স্টান্ড এলাকায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো আয়োজন করা হয়। বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত রোড শোতে যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) কে এম মাহবুব কবীর। রোড শো তে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাফিক সার্জেন্ট অনিমেষ, বিআরটিএ’র সাতক্ষীরার সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, অফিস সহকারি মোঃ সাইফুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন বিআরটিএ এর সাতক্ষীরা সার্কেল এর সিনিয়র কর্মকর্তাগণ।