
মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া গ্রামে মনিষা খাতুন (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর আগে কাবিন ছাড়া আজাদ আলীর সঙ্গে মনিষার বিয়ে হয়। তাদের আড়াই বছরের এক কন্যা রয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, সম্প্রতি বিয়ে রেজিস্ট্রি করতে চাইলে স্বামীর পরিবারের পক্ষ থেকে ২ লাখ টাকা যৌতুক দাবি করা হয়।
মনিষার মা রুবিনা খাতুনের দাবি, মেয়েকে নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে। তবে শাশুড়ি শরিফা বেগম জানান, ঝগড়ার পর মনিষা বিষ খাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যায় এবং পরে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বাঘা থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গলায় দাগ দেখে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার পর থেকে স্বামী আজাদ আলী পলাতক। পুলিশ একটি অপমৃত্যু মামলা রুজু করেছে।