
দিপু মন্ডল প্রতিনিধি- যশোর
যশোরের অভয়নগরে পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম ডাবলু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। তবে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা না করার কারণ নিয়ে ধোয়াশা দেখা দিয়েছে। আটককৃতরা হলেন, অভয়নগরের ভাটবিলা গ্রামের তাপস মন্ডলের ছেলে স্বদেশ মন্ডল, ডহর মশিয়াহাটি গ্রামের সুজিত বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, খুলনার পাইকগাছার হানিরাবাদ গ্রামের মৃত গোস্ট তরফদারের ছেলে অসীম তরফদার, দেলুটি গ্রামের মৃত অবনি রায়ের ছেলে প্রজিৎ রায় ও যশোরের মণিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের রিপন মহালদারের ছেলে সৌমেন মহালদার। পুলিশের প্রাথমিক তদন্তে এ ঘটনার সাথে জড়িত থাকার প্রমান পাওয়ায় এদেরকে আটক করা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এ ঘটনায় বাদী পরিবার এখনো মামলা করেনি। তবে, তাদের তদন্তে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পাঁচজনের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। একারণে তাদেরকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার তাদেরকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে পরিবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে। এদিকে, এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় নানা প্রশ্ন উঠেছে।