
তাওহীদ হাসান পিয়াল – খুকৃবি প্রতিনিধি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) কর্মরত নারী শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে ‘খুকৃবি লেডিস ক্লাব’-এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস রুমে আয়োজিত এই সভায় ক্লাবের ভবিষ্যৎ পথচলা, সামাজিক কার্যক্রম ও নতুন সদস্যপদ লাভের নানাবিধ নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সহধর্মিণী ড. মাহমুদা হক। পাশাপাশি এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসরাত জাহান আইরিন প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের নারী শিক্ষক এবং কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে একটি সহযোগিতামূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, কেবল পেশাগত জীবনের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে এই ক্লাবের মাধ্যমে নারীদের পারস্পরিক যোগাযোগ, মানসিক মেলবন্ধন ও সখ্যতা আরও সুদৃঢ় হবে। একইসঙ্গে সৃজনশীল, সামাজিক ও কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে এই সংগঠনটি ক্যাম্পাসে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, নির্ধারিত সদস্য ফি প্রদান এবং প্রয়োজনীয় নিয়ম-কানুন অনুসরণের মাধ্যমে আগ্রহী নারী শিক্ষক ও কর্মকর্তাগণ খুব সহজেই এই লেডিস ক্লাবের সদস্যপদ গ্রহণ করতে পারবেন।