
তাওহীদ হাসান পিয়াল – খুকৃবি প্রতিনিধি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অব ভেটেরিনারি এনিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস’-এর উদ্যোগে ভেটেরিনারি শিক্ষার্থীদের পেশাগত মর্যাদা, স্বকীয়তা এবং ন্যায্য অধিকার সংরক্ষণের লক্ষ্যে ৩ দফা দাবি উত্থাপন করা হয়েছে। প্রাণিসম্পদ খাতে দক্ষ সেবা প্রদান ও ভেটেরিনারি পেশার দীর্ঘদিনের বৈষম্য দূর করার লক্ষ্যে এই দাবিগুলো তুলে ধরা হয়।
সংগঠকদের পক্ষ থেকে পেশ করা দাবিগুলোর মধ্যে প্রথমত বলা হয়েছে, নবম গ্রেডের ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদেরই নিয়োগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ক্যাডার কাঠামোর বাইরে অবস্থানরত নন-ভেটেরিনারিয়ান কর্মীদের পদোন্নতি দিয়ে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের সমকক্ষ কিংবা উচ্চতর পদে পদায়নের কোনো সুযোগ যেন ভবিষ্যতে রাখা না হয়, সে বিষয়ে কঠোর হুশিয়ারি দেওয়া হয়। তৃতীয়ত, দেশের গ্রামীণ ও মাঠপর্যায়ে সঠিক প্রাণিসম্পদ চিকিৎসা সেবা পৌঁছাতে প্রতিটি উপজেলায় ৪ জন করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃজন করতে হবে এবং সেখানে অতি দ্রুত রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত ও কার্যকর করতে হবে।
শিক্ষার্থীদের মতে, বর্তমান প্রাতিষ্ঠানিক কাঠামোয় ভেটেরিনারি পেশাজীবীদের যোগ্য মূল্যায়ন না করা হলে তা সামগ্রিক প্রাণিসম্পদ খাতের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই অনতিবিলম্বে এই ৩ দফা দাবি বাস্তবায়ন করে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের পেশাগত নিরাপত্তা ও সম্মান পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।