
মোঃ আতাউর রহমান
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় অনলাইন এনটিভির প্রতিনিধি সাংবাদিক আলমগীর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে একটি প্রতারক চক্র। চক্রটি হ্যাক করা আইডি থেকে তার বিভিন্ন আত্মীস্বজন ও পরিচিতজনদের মেসেজ পাঠিয়ে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে।
গত রবিবার (১ নভেম্বর) এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক আলমগীর হোসেন জানান, রবিবার হঠাৎ করেই তার নিয়ন্ত্রণাধীন ফেসবুক আইডিটি হ্যাকারদের কবলে চলে যায়। পরবর্তীতে হ্যাকাররা তার প্রোফাইল ব্যবহার করে ম্যাসেঞ্জারের মাধ্যমে তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের কাছে বিভিন্ন জরুরি কারণ দেখিয়ে টাকা ধার চায়। চক্রটির পাতা ফাঁদে পা দিয়ে স্বজনরা বেশ কিছু টাকা পাঠিয়েও দেন।
প্রতারণার কাজে চক্রটি বেশ কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করেছে। এর মধ্যে ০১৭৩৪১৯০২৭৪ (নগদ পার্সোনাল) এবং ০১৩৫৫৯৬৯৪০৫ (বিকাশ পার্সোনাল) নম্বর দুটির মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় সাংবাদিক আলমগীর হোসেন বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম তৌহিদ বলেন, সাংবাদিক আলমগীর হোসেনের ফেসবুক আইডি হ্যাক ও প্রতারণার বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং জড়িত প্রতারক চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ধরনের কোনো প্রতারক চক্রের ফাঁদে না পড়ে সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।