
তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীতে ট্রাফিক জ্যাম নিরসন ও বাজার মনিটরিংয়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে এবং দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) তাজমহল মোড় ও স্টেশন রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে ফুটপাত দখল করে রাখা হকারদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং যানজট নিরসনের জন্য চালকদের যত্রতত্র গাড়ি পার্কিং না করার জন্য সতর্ক করা হয়।
এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আজাদ ফুটওয়্যার ও ওয়াকার ফুটওয়্যার নামের দুটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর আওতায় অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।