
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় টানা অতিভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
৭ জুলাই (মঙ্গলবার) মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার ঘোনাপাড়া, পুটিবিলা, দাসিমাঝিরপাড়াসহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ডে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে পানিবন্দী পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ইমরান মাহমুদ ডালিম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা।
ত্রাণ বিতরণকালে কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
উপজেলা প্রশাসন জানায়, টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় অনেক পরিবার চরম দুর্ভোগে রয়েছে। তাদের কষ্ট লাঘবে খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
এদিকে, দ্রুত সময়ের মধ্যে পানিবন্দী মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।