
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকায় ব্যাটারচালিত ইজিবাইকের (টমটম) চাপায় মিজান মনি (৬) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে। এই দূর্ঘটনায় শিশুটির মা’ও আহত হয়েছেন।
২৮ জানুয়ারি (মঙ্গলবার) বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি অত্র এলাকার বাসিন্দা রবিউল আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান- প্রধান সড়কে মিজ্জির পাড়া অংশে বিপরীত দিক আসা একটি বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে ফুটপাতে উঠে যায় যাত্রীবাহি ইজিবাইক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি ফুটপাতে ধরে হাঁটারত অবস্থায় মা ও ছেলের উপর উল্টে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। শিশুটির মুখ ও মাথা সম্পূর্ণ থেঁতলে যায়। আহত অবস্থায় শিশুটির মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর সিএনজি’টি চালিয়াতলীর দিকে দ্রুত পালিয়ে যায়। তবে স্থানীয়রা টমটমটি আটক করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।