
শফিকুল ইসলাম, বরিশালঃ
বরিশালে বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এয়ারপোর্ট থানার এসআই মোঃ আল আমিন নাঈমের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৩ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানটি চালানো হয় ঢাকা-বরিশাল মহাসড়কের কলসগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী মামুন পরিবহনের একটি বাস (রেজি নং- ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৫৩) তল্লাশি করা হয়। এ সময় বাসের A-3 নম্বর সিটে অবস্থানরত যাত্রী জাহিদা বেগম (২০)-এর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক জাহিদা বেগম কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। তার পিতা মোঃ তাহের এবং মাতা মৃত অজিবা বেগম।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।