
মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টার, পাবনা
পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রাশিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, নিজ কার্যালয়ে এক নারীকে জিম্মি করে কুচক্রী মহলের সাথে যোগসাজশে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও অশোভনীয় ভিডিও কন্টেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় জেলা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে পাবনার সাংবাদিকরা ডিবির ওই ওসিকে প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পাশাপাশি তারা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওসি রাশিদুল ইসলামকে পাবনা থেকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও সাংবাদিক নেতারা বলছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।