
ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমিরুন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর স্কুল মাঠ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যালয়টি পাঁচবিবি উপজেলায় অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাঠজুড়ে অসংখ্য গর্ত, অসমতল ভূমি ও বর্ষার পানি জমে থাকার কারণে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এই বিদ্যালয়ে ৫৫০ জন ছাত্র-ছাত্রী পড়াশুনায় অংশগ্রহণ করেন। মাঠটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদাময় ও পানি জমা হয়ে থাকে। এতে শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং খেলাধুলার সময় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে প্রাতঃকালীন সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজন করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
অভিভাবকরা জানান, একটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের এমন দুরবস্থা অত্যন্ত হতাশাজনক। তারা দ্রুত মাঠ সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা। তাদের প্রত্যাশা, দ্রুত মাঠ সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।