
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন জামে মসজিদের পুকুরে চামড়াজাত বর্জ্য ফেলার কারণে ব্যাপক দূষণের সৃষ্টি হয়েছে। এতে পুকুরের মাছ মরে পচে যাওয়ায় প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মসজিদ কর্তৃপক্ষ।
মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আশপাশের এলাকায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সময় উৎপন্ন বর্জ্য অসচেতনভাবে পুকুরে বা পুকুর সংলগ্ন স্থানে ফেলা হয়। এর ফলে পানির গুণগত মান নষ্ট হয়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং পুকুরের মাছ মারা যেতে শুরু করে। পরে মৃত মাছগুলো পচে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মসজিদ কমিটি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ১ জুন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত দরখাস্ত জমা দেওয়া হয়েছে।
মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানান, পুকুরটি মসজিদের গুরুত্বপূর্ণ সম্পদ এবং এখান থেকে প্রাপ্ত আয় মসজিদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে ব্যয় করা হয়। দূষণের কারণে মাছের ব্যাপক ক্ষতি হওয়ায় মসজিদের আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশগত সমস্যাও সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।