
ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি কয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৫ জনকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা । আজ দুপুরে উপজেলার কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকা দিয়ে বিজিবির হাতে তুলে দেন বিএসএফ।
দেশে ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন, খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল (৩০), মুরাদের স্ত্রী সাগরিকা বেগম (২৫) মুরাদের ২’ছেলে রমজান মোড়ল (০৮) ও মুসকান মোড়ল (০৫) এবং মেয়ে আমেনা মোড়ল (০২)।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জয়পুরহাট- ২০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোঃ আরিফুর দৌলা এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাতে কয়া সীমান্তের ৩৫০ গজ অভ্যন্তরে ২৭১ মেইন পিলালের ৫৪ এস পিলার এলাকায় বৃষ্টির মধ্যেই তাদেরকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফের সাথে যোগাযোগ করেন কয়া ক্যাম্প কমান্ডার সুবেবদার আলাউদ্দিন। আজ দুপুরে বিজিবি-বিএসএফ সমঝোতায় তাদেরকে বিজিবির হাতে তুলে দেন। এরপর তাদেরকে আটক করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।
পাঁচবিবি থানার ওসি ময়নুল ইসলাম জানান,বিজিবি শিশু নারী-পুরুষ মিলে ৫ জনকে থানায় জমা দিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতে চিকিৎসা শেষে দেশে আসার সময় বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।