
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে পল্লী এলাকার দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্বল্প সুদে ঋণের ৫০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সিএমএসএমই কর্মসূচির আওতায় এই ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, সরকারের নীতিমালার আলোকে কৃষি, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উন্নয়ন এবং পল্লী অঞ্চলের দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই বন্ধন এনজিওর মাধ্যমে এই ঋণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, বন্ধনের নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. শফিকুল আলম চৌধুরী বিপ্লব, প্রধান নির্বাহী পরিচালক মো. হাফিজ সরদার, সভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরী, পৌর মহিলা দলের সম্পাদিকা গুলশান আরা গ্যালিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, স্বল্প সুদের এই ঋণ কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।