
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক ব্যক্তি আবুজার রহমান (৩০)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মো. শাহার উদ্দিনের ছেলে।
জয়পুরহাট জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম আসাদ জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের সিনিয়র এসআই মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল ভারত থেকে চোরাইপথে আনা ৩০০ পিস নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ আবুজার রহমানকে হাতেনাতে আটক করে।
তিনি আরও জানান, জয়পুরহাট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব নেশাজাতীয় অ্যাম্পুল উদ্ধার এবং একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক আবুজার রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম বলেন, সমগ্র জেলায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কেনাবেচা রোধে ডিবিসহ জেলা পুলিশের অন্যান্য ইউনিটের অভিযান আরও জোরদার করা হবে।