
মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদসহ মো: নয়ন মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার একটি চৌকস পুলিশ দল উপজেলার চকলেঙ্গুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে চকলেঙ্গুড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো: নয়ন মিয়ার বসতঘর তল্লাশি করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা মোট ৩০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।স্থানীয়রা জানান, আটককৃত নয়ন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার এই মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল।দুর্গাপুর থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।