1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে টাকা ধার নিয়ে বিরোধ, একই পরিবারের তিনজনকে কুপিয়ে-পিটিয়ে জখম; পাঁচজনের বিরুদ্ধে মামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দুর্গাপুরে টাকা ধার নিয়ে বিরোধ, একই পরিবারের তিনজনকে কুপিয়ে-পিটিয়ে জখম; পাঁচজনের বিরুদ্ধে মামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে কাকৈরগড়া। ইউনিয়নে টাকা ধার দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আহতদের মধ্যে সোহেল মিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অর্থাভাবে তাঁর চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে পরিবার। এদিকে, মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

গত ২১ অক্টোবর বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন মো. মাহবুব রহমান ওরফে লিটন খান (৫০), রাসেল খান (৪৫), শান্ত মিয়া (২২), তাহা খান (১৯) ও চাঁদ খান (১৮)।

অভিযোগকারী মো. রহম আলীর ভাষ্য অনুযায়ী, পারিবারিক আর্থিক সংকটের কারণে তিনি এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। পরে ধার নেওয়া টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে অতিরিক্ত ১০ হাজার টাকা দাবি করা হয়। এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হুমকি ও মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় রহম আলীর ছেলে সোহেল মিয়া বাড়ি ফেরার পথে কৃষ্ণেরচর বাজারের পশ্চিম পাশে একটি বাড়ির সামনে কয়েকজনের বাধার মুখে পড়েন। এ সময় তাঁর ওপর ধারালো ছুরি, লাঠি ও অন্যান্য বস্তু দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে সোহেলের পেটের বাম পাশে ছুরিকাঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

অভিযোগ অনুযায়ী, ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে রহম আলীর স্ত্রী মোছা. বকুল নাহার ও মেয়ে মোছা. রাজেদা খাতুনও হামলার শিকার হন। তাঁদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ছাড়া রাজেদা খাতুনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা এবং তাঁর শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে মো. মোজাম্মেল মিয়া ও মো. মোস্তাকিম বিল্লাহর সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। তাঁদের সামনে সোহেল মিয়াকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং পরিবারের অন্য সদস্যদের মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে এসেছে।

এ ছাড়া অভিযোগকারী মো. রহম আলী ও আহত মোছা. রাজেদা খাতুনের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তাঁদের অভিযোগ, হামলায় পরিবারের তিন সদস্য গুরুতর আহত হন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সোহেল মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে সেখানে ভর্তি রয়েছেন।

অর্থাভাবে চিকিৎসা, সহায়তায় এগিয়ে এল বাজার কমিটি

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সোহেল মিয়ার চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সংকটের মুখে পড়েছেন তাঁরা। চিকিৎসার ব্যয় বহন করতে পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আহত সোহেলের চিকিৎসায় সহায়তার জন্য এগিয়ে এসেছে কৃষ্ণেরচর বাজার কমিটি।

বাজার কমিটির সভাপতি লিয়াকত খান এ প্রতিবেদককে জানান, বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে সোহেল মিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারের সংকটময় পরিস্থিতিতে আহত ব্যক্তির চিকিৎসায় সহযোগিতা করতেই তাঁরা এ উদ্যোগ নিয়েছেন।

আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবারের

হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মামলার পাঁচ আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, হামলায় পরিবারের সদস্যরা আহত হওয়ার পর থেকে তাঁরা আর্থিক ও মানসিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। বিশেষ করে সোহেল মিয়ার চিকিৎসা নিয়ে পরিবারটি দুশ্চিন্তায় রয়েছে।

পরিবারের একটাই দাবি—মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং তাঁরা যেন ন্যায়বিচার পান।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। মামলায় তাঁদের বিরুদ্ধে হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

অভিযোগকারীর দাবি, মামলার আসামি রাসেল খান দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। তবে তাঁর রাজনৈতিক পদবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park