
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফ পৌরসভার আব্দুল্লাহ ম্যানশনে বিশেষ অভিযান চালিয়ে র্যাব-১৫ অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাসরত ১৩ জন রোহিঙ্গা শরণার্থী ও তাদের দুই আশ্রয়দাতাকে আটক করা হয়েছে। আটকরা সবাই ক্যাম্পের বাসিন্দা।
আটক আশ্রয়দাতারা হলেন, আব্দুল্লাহ (৫০) ও মো. ফৈয়াজ (৬৫)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক আ ম ফারুক জানান, ৬ অক্টোবর রাতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কায়ুকখালী পাড়া এলাকার আব্দুল্লাহ ম্যানশনে অভিযান চালিয়ে ১৩ রোহিঙ্গাকে আটক করে। একইসঙ্গে বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ দুই আশ্রয়দাতাকেও আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে চলমান গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।