
বেবি চক্রবর্তী: কলকাতা :- আরজি কর কাণ্ডের আবহে রাজ্যে ফের ভোট। আগামী ১৩ নভেম্বর নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা সহ বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। এবার ভাঙরে প্রচারে বেরিয়ে দলের কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ।বিধানসভা উপনির্বাচনের প্রচারে বেরিয়ে সায়নী বলেন, যারা দলকে বদনাম করার চেষ্টা করছেন, যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছেন এবং মানুষকে নানান পরিষেবা দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছেন, তাঁদের জুতো পেটা করব।সায়নী এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিশ্রম করে তৃণমূল কংগ্রেস দলটাকে তৈরি করেছেন। তাই যারা নিজেদের পকেট ভরানোর জন্য এই দল করছেন, তাঁদের জায়গা এখানে নেই বলে স্পষ্ট জানান যাদবপুরের সাংসদ।
ভাঙরের বিধায়ক শওকত মোল্লা এদিন বলেন, ভাঙরে গরিব মানুষদের জন্য ১৭,০০০ ঘর পাশ হয়েছে। সায়নী বলেন, সেই ঘরের জন্য সার্ভে করা হচ্ছে। এরপর দলের নেতাদের কাছে সাংসদ অনুরোধ করেন, কোনও গরিব মানুষের কাছ থেকে ঘরের জন্য টাকা নেবেন না।সায়নীর কথায়, ‘আমাদের নেতাদের কাছে অনুরোধ করছি, কোনও গরিব মানুষের কাছ থেকে আপনারা ঘরের জন্য কোনও টাকা নেবেন না। যদি কোনও নেতা টাকা চাইতে যায় তাহলে তাঁর গালে থাপ্পড় মারবেন। এরপর আমাদের কাছে খবর দেবেন’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘরের টাকা দিচ্ছেন এবং তিনি অনেক কষ্ট করে সরকার চালাচ্ছেন বলে দাবি করেন শওকত।