
জামালপুর শহরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ১টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সহযোগিতায় রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে
পুলিশ অভিযুক্ত সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুর (৪০) কে গ্রেফতার করে। একই সঙ্গে নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬)-এর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে তাসফিক ও এক মেয়ে তাহা রয়েছে। অভিযোগ রয়েছে, হোসাইন মো. তাইফুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হওয়ায় তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত।
নিহতের ভাই তুহিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তানিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরেন। তার বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, রাত দেড়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে বাইরের কাচের জানালা ভেঙে ভেতরে তাকালে দেখা যায়, খাটের ওপর তানিয়ার দগ্ধ মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামিকে গ্রেফতার ও মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, স্থানীয় লোকজন ও সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিক অভিযানে অভিযুক্ত হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করা হয়। ঘটনাটি প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।