
গোয়াইনঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব
রুবেল আহমেদ,স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে। বিভিন্ন মন্দির ও পাড়া থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয় নদীতে। ১৩ অক্টোবর রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে গোয়াইনঘাট উপজেলার ৩৯টি পূজা মন্ডপ থেকে প্রতিমা বিসর্জনের লক্ষ্য বিজয়ী শোভাযাত্রা বের হয়। উলুধ্বন খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, থানা প্রশাসন এবং বিজিবির কঠোর নিরাপত্তা বেষ্টনী এবং থানা পুলিশের কড়া নজরদারিতে কোন প্রকার বিশৃংখলা ছাড়াই উৎসাহ উদ্দীপনায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবের প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। এর আগে মণ্ডপ গুলোতে চলে সিঁদুর খেলা, মন্ত্রপাঠ আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেওয়ার পাশাপাশি নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ আর ঢাকের তালে তালে নাচ-গান। বিকেল ৫টায় জাফলং চা-বাগান এলাকায় প্রতিমা বিসর্জন দেওয়ার সময় বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা দেয়া হয়। এসময় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানসহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।