
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ড্রামের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে পালাতে গেলে ধাওয়া করে ঘটনাস্থল থেকেই শাকিলা শারমিন রেশমীকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই ড্রাম ও তার ঘর তল্লাশি করে ড্রামের ভেতর থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি। গ্রেপ্তার হওয়া শাকিলা শারমিন রেশমী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় গ্রেপ্তার আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক কারবার দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।