
বেবি চক্রবর্তী: হুগলী :- কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শব্দবাজির ব্যবহার নিয়ন্ত্রণে সক্রিয় পুলিস একাধিক অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। রবিবার হুগলির দাদপুর থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে হরিত গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৩৫ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে। বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।পাশাপাশি, হরিপাল থানার মাল চণ্ডীনগর এলাকাতেও অভিযান চালিয়ে প্রায় ১১৫ কেজি তুবরি, সেল, কালিপটকা, গাছ বোম সহ আরও অনেক ধরনের নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়।
উত্তর ২৪ পরগনার গোপালনগর থানাও নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারে বিশেষ তৎপরতা চালিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে সন্তোষপুরের কদমতলায় অভিযান চালিয়ে ১৫ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে এবং বিক্রেতা বিধুভূষণ দাসকে গ্রেপ্তার করা হয়। পুলিসের অনুসন্ধানে জানা যায় যে, তিনি বেআইনি শব্দবাজির ব্যবসা পরিচালনা করছিলেন। কয়েকদিন আগেই গাইঘাটা থানা এলাকা থেকেও বেশ কিছু শব্দবাজি উদ্ধার করেছে পুলিস।
হুগলি জেলা জুড়ে গ্রামীণ পুলিসের উদ্যোগে নিষিদ্ধ বাজি বিরোধী প্রচার চালানো হচ্ছে। ধনেখালি থানার উদ্যোগে রবিবার একটি পদযাত্রার মাধ্যমে জনগণকে গ্রিন বাজি ব্যবহারের জন্য সচেতন করা হয় এবং শব্দবাজির কারণে সৃষ্ট বায়ুদূষণ সম্পর্কে জানানো হয়। অন্যদিকে, হুগলি বাজি ও ডিজে বিরোধী মঞ্চও নিষিদ্ধ বাজি বন্ধের লক্ষ্যে প্রচারে নেমেছে।