
ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার জলাবদ্ধতায় পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ডালিম।
গত দুই দিনের টানা বৃষ্টিতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর আদিবাসী পাড়ায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।
এ খবর পেয়ে আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ডালিম নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণের উদ্যোগ নেন। তাঁর পক্ষ থেকে যুবদল নেতা নয়ন প্রধান পানিবন্দী পরিবারের হাতে ত্রাণ হিসেবে চাল তুলে দেন।
ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে জানান, দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞ। স্থানীয়রা জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থারও দাবি জানান।