
পাবিপ্রবি প্রতিনিধি :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নবীন শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে চড়ুইভাতির আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম।
রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফসিউল হক ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফিমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ওলি উল্লাহ, দপ্তর সম্পাদক ইনজামামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ডাইনিংয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজনের বিষয়ে কে এম তরিকুল ইসলাম বলেন, “আজকের আয়োজনটি মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। নতুন যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছে, তাদের সঙ্গে পরিচয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার লক্ষ্যেই এ আয়োজন।”
তিনি আরও বলেন, “ছাত্রদলের পক্ষ থেকে আমার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের নিয়ে আজকের এই চড়ুইভাতির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নবীনদের সঙ্গে আমাদের পরিচিতি বাড়ানো, একটি সুন্দর সম্পর্ক তৈরি করা এবং তাদের বিশ্ববিদ্যালয়জীবনের শুরুটাকে আরও আনন্দময় করে তোলার চেষ্টা করছি।”