
শাহিন আলম টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ৩৭ জন রোহিঙ্গা শরনার্থী এবং তাদের আশ্রয়দাতা এক নারীকে আটক করেছে।
র্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ অক্টোবর রাতে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পানখালী এলাকায় একাধিক ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৭ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করা হয়, যারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এসময় রোহিঙ্গাদের আশ্রয়দাতা স্থানীয় গৃহকর্ত্রী মোছাঃ ইয়াছমিন আক্তার (৩৪), স্বামী নুর আলম, পিতা আলী মিয়া, সাং—পূর্ব পানখালী, ৪ নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, টেকনাফকেও আটক করা হয়। তবে অন্য বাড়ির মালিকরা অভিযানকালে পালিয়ে যায় বলে জানায় র্যাব।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তালিকাভুক্ত রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে এসে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। স্থানীয় কিছু অসাধু বাড়িওয়ালা অতিরিক্ত ভাড়ার আশায় তাদের আশ্রয় দিচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থান করতে না পারে, সেজন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।