
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের চাষাবাদে গরু-মহিষের হালচাষ পদ্ধতি এক বহুল পুরনো পরিচিত ইতিহাস ও ঐতিহ্যের এক বাস্তবচিত্র ও চিরন্তন সনাতন পদ্ধতির স্বাক্ষী যা আজ বিলুপ্তির একেবারে দারপ্রান্তে।
তেমনই সিরাজগঞ্জ জেলার প্রতিটি অঞ্চল, গ্রাম, গঞ্জে, নগরে, নদী ভাঙ্গন অঞ্চলেও এর বিপরীত ছিল না। সিরাজগঞ্জে গ্রামবাংলার স্বাভাবিক চিত্র ছিল গরু দিয়ে হাল চাষ। আধুনিকতার ছোঁয়ায় এখন বিলুপ্তির পথে এই পদ্ধতি। হালচাষের পরিবর্তে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে জমি চাষ করা হয়। অথচ দুই যুগ আগেও নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হালচাষ করে সংসারের ব্যয়ভার বহন করত দরিদ্র মানুষ। মোরগের ডাকে ঘুম ভাঙ্গা সহজ সরল মানুষ গুলো কাক ডাকা ভোরে উঠে কৃষক গরু, মহিষ, লাঙল, জোয়াল নিয়ে বেরিয়ে পড়তেন। এ দৃশ্য এখন আর চোখে পড়ে না। জমি চাষের প্রয়োজন হলেই অল্প সময়ের মধ্যেই পাওয়ার টিলার ও ট্রাক্টর চলে আসছে।
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, কাজিপুর, কামারখন্দ, বেলকুচি-চৌহালী, শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, নিমগাছীসহ বিলীন হওয়ার একেবারে শেষ প্রান্তে এই পদ্ধতি। গরু দিয়ে জমি চাষ ঐতিহ্যবাহী ও একটি সনাতন পদ্ধতি হলেও এর অনেক উপকারীতাও ছিল। কারণ লাঙলের ফলা জমির অনেক গভীর অংশ পর্যন্ত ঢুকে আলগা করতো। গরুর পায়ের কারণে জমিতে কাদা হতো অনেক এবং গরুর গোবর জমিতে পড়ে জমির উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি হতো।
সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে গিয়ে ঘুরে দেখা গেছে পেশা হিসেবে নেওয়া ছোটবেলা থেকে হাল চাষের কাজ করার মতো আর কেউ নেই এই অঞ্চলে। দুই একটি এলাকায় দুই এক জনকে দেখা গেলেও এই দৃশ্য আজ প্রায় বিলুপ্ত।
এই পদ্ধতিতে হালচাষের জন্য দরকার হতো এক জোড়া গরু, কাঠ আর লোহার সমন্বয়ে তৈরি লাঙ্গল, জোয়াল, মই, পান্টি, গরুর মুখের লাগাম ইত্যাদি। গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হয়, ফসল ভালো হয় এবং জমির উর্বরতা বাড়ে।
অনেকের জীবনের সিংহভাগ সময়ই কেটেছে চাষের লাঙ্গল জোয়াল আর গরুর পালের সঙ্গে। গরু দিয়ে হালচাষ করলে জমিতে ঘাস কম হতো, হালচাষ করার সময় গরুর গোবর সেই জমিতেই পড়ত। এতে করে জমিতে অনেক জৈব সার হতো, এ জন্য ফসলও অনেক ভালো হতো। গরু নিয়মিত দুধ দিতো এবং গরুর বাচ্চায় এক সময় পরিবারে গরুর পাল হয়ে যেতো। পরিবারে স্বচ্ছলতা ফিরে আসতো।
অসংখ্য মানুষের জীবনের সিংহভাগ সময় কেটেছে লাঙ্গল-জোয়াল আর গরুর পালের সঙ্গে। বিগত কয়েক বছর ধরে মেশিন দিয়ে হালচাষ করা হচ্ছে।
আবারও অনেকেই জানান, কৃষিকাজে লাঙ্গলের ব্যবহার পরিবেশ বান্ধব এবং গ্রাম বাংলার ঐতিহ্যও বটে। কষ্ট হলেও গরু দিয়ে হাল চাষ করতে খুব ভালো লাগত। বেঁচে যেত অনেক দরিদ্র কৃষকের প্রাণ। এই পদ্ধতির সাথে সাথে হারিয়ে গেছে জারি সারি ভাটিয়ালী আর কাওয়ালি গান।
এমন ঐতিহাসিক চাষাবাদ পদ্ধতি বিলুপ্তীর কথায় অনেকেই বলেন, কৃষিতে শ্রমিকের ঘাটতি নিরসনে এবং দেশের কৃষি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার জন্যই কৃষিকে যান্ত্রিকীকরণ করা হয়েছে। এক সময় গরু ও লাঙ্গল দিয়ে হালচাষ করা হলেও এখন প্রায় অধিকাংশ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে। কৃষকদের জমি প্রস্তুত থেকে শুরু করে ধান প্যাকেটজাত করণের সকল কাজই অত্যাধুনিক কৃষিযন্ত্রের মাধ্যমে সহজ ও দ্রুততার সঙ্গে হচ্ছে।
আজ একেবারেই হারিয়ে যাচ্ছে গরু-মহিষের সেই ঐতিহাসিক সনাতন পদ্ধতিতে চাষাবাদ সেই সাথে হারিয়ে যাচ্ছে মাটি ও মানুষের সরল মন, হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার গান।