
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে দেশ ও বিদেশের সকল সংবাদকর্মী এবং গণমাধ্যম সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন।
রোববার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। বার্তায় মাওলানা নুরুল আমিন বলেন, “একটি সমৃদ্ধ ও শক্তিশালী দেশ গড়ার পেছনে অবাধ তথ্য প্রবাহের ভূমিকা অনস্বীকার্য। তথ্যের অধিকারই হচ্ছে আধুনিক গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে সংবাদকর্মীরা যে সাহসী ভূমিকা পালন করেন, তা অতুলনীয়।”
তিনি আরও উল্লেখ করেন, “নির্ভীক সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের ধারা যদি অব্যাহত থাকে, তবেই একটি বৈষম্যহীন এবং স্বচ্ছ সমাজ গঠন সম্ভব। আমি আশা করি, প্রতিকূলতা পেরিয়ে সাংবাদিকরা সত্যের পথে অবিচল থাকবেন।”
বিজ্ঞপ্তিতে তিনি দেশের উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং সকল সাংবাদিকের পেশাগত সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মাওলানা নুরুল আমিন বর্তমানে নান্দাইল উপজেলা জামায়াতের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তাঁর এই শুভেচ্ছা বার্তাকে স্থানীয় সাংবাদিক মহল ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।