
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
শিক্ষা ও মানবসেবায় এক গৌরবোজ্জ্বল দশক পার করল ময়মনসিংহের নান্দাইলে প্রতিষ্ঠিত স্বনামধন্য সামাজিক সংগঠন ‘মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন’। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় নান্দাইল উপজেলা হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ১০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফুল জামান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মোহাম্মদ শামসুল হক আকন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং তারপর আলোচনা সভার মাধ্যমে বিগত ১০ বছরের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের স্মৃতিচারণ করা হয়। পরে আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা ৯০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ, স্কুল ড্রেস, পায়জামা, পাঞ্জাবি, স্কুল ব্যাগ এবং বিনামূল্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামসুল হক আকন্দ ভিডিও কলে বলেন, “মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে আমি শিক্ষার প্রসারে সবসময় অবদান রাখতে চাই। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, ব্যাগ এবং কোরআন শরীফ বিতরণের এই ধারা শুধু এবারেই নয়, ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথির বক্তব্যে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক এনামুল হক বাবুল বলেন, “এই সংগঠনের শুরু থেকেই আমি এর সঙ্গে যুক্ত আছি। প্রতিষ্ঠাতা ‘মানবিক’ রিপনের এ ধরনের মহৎ কাজের পাশে ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে।”
চারিআনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম মাস্টার বলেন, “মানবিক রিপন দীর্ঘদিন ধরে এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে। তাঁর এই কর্মপ্রচেষ্টাকে আমাদের সকলের উৎসাহিত করা উচিত, কারণ তাঁর কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
আবুল হাসান মোহাম্মদ এনামুল হক (অধ্যক্ষ, ঘোষপালা ফাজিল মাদ্রাসা), বিল্লাহ হোসেন (সাধারণ সম্পাদক, ডিজিটাল প্রেসক্লাব),সাঈদ আহমেদ (ইংরেজি শিক্ষক, আচারগাঁও ফাজিল মাদ্রাসা), এনায়েত করিম ভূঁইয়া (প্রভাষক, মুসল্লী স্কুল অ্যান্ড কলেজ)
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন, নান্দাইল উপজেলা প্রাইভেট কোচিং অ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক শাহজাহান মাসুম সহ আরও অনেকে।
দশ বছর ধরে নান্দাইলের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ফাউন্ডেশনটি যে নিঃস্বার্থ সেবামূলক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা এলাকার শিক্ষানুরাগী মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।