
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় গুলিবিদ্ধ সরওয়ার বাবলা নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।
এর আগে বিকেলে চাইলতাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ চান্দগাঁও–বোয়ালখালী আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পায়ে একটি গুলি লাগে বর্তমানে তিনি নগরের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান: হামলাকারীরা সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে একাধিক গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন আতঙ্কে ছুটতে থাকেন।
ডিসি আমিরুল ইসলাম জানান: বায়েজিদ এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছেন, প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা: কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের সঙ্গে সরওয়ার বাবলার পুরোনো বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটে। মূল লক্ষ্য ছিল সরওয়ার বাবলা, তবে গুলির আঘাতে বিএনপি প্রার্থীও আহত হন। এর আগে গত ৩০ মার্চ ভোর রাতে বাকলিয়া এক্সেস রোড চকবাজার থানার চন্দনপুরার মুখে প্রাইভেট কারে বাবলাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। এতে বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নামে দুজন নিহত হন। সেসময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে প্রাণে রক্ষা পান সরোয়ার হোসেন বাবলা।