
পাকা লোক
মোঃ ইব্রাহিম হোসেন
খোকা পাকে বই পড়ে, অ আ ক খ বর্ণে;
খাদ ছাড়া পাকা হয় গহনাটা স্বর্ণে।
খুকি পাকে পরিবারে মা’র সাথে রাঁধাতে,
বেশি মাল কাঁধে টানে খুব পাকা গাধাতে।
মুখ পাকে, ঠোঁট পাকে, চটা চটা কথাতে;
বন্ধু পাকিয়ে তুলে তার প্রিয় শখাতে।
লিখনিতে হাত পাকে,কেশ পাকে বয়সে;
কাজে কাজে পাকে খুব কর্মীতে অয়সে।
কচিকাঁচা শিশু পাকে দু’চরণে হাঁটাতে,
পেরেকের ব্যথা পাকে তেঁতুলের খাটাতে।
ছোট ছোট অপরাধে চোর পাকে চুরিতে,
তার হাতে প্রাণ যায় অকালেই ছুরিতে!
মন পাকে নীরবেতে বুদ্ধির ঝুলিতে,
সৈনিক পাকে তার ছোঁড়া ওই গুলিতে।
শাশুড়ি নদন পাকে বৌ কাজে ব্যাঘাতে,
কুলবধূ পাকে সয়ে তাহাদের আঘাতে।
রাজনীতি করে পাকে পরিষদে রাজাতে,
মুসল্লী পাকা হয় নামাজ না কাজাতে।
অপকামে থাকে সদা পাকা কভু নয় সে,
পরকাল চিন্তিত পাকা লোক হয় সে।