
শাহিন আলম টেকনাফ //
সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে আবারও দৃঢ় অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকা থেকে ৩.৭ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারীকে হাতেনাতে আটক করা হয়।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি নৌযানে যাত্রীর বেশে কয়েকজন নারী মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে বিজিবি’র চৌকস টহলদল জেটিঘাটে নজরদারি জোরদার করে। অভিযানের এক পর্যায়ে তিনজন নারী যাত্রীর সন্দেহজনক আচরণ লক্ষ্য করে বিজিবির নারী সদস্যরা তাদের দেহ তল্লাশি করেন। এসময় বিশেষ কায়দায় শরীরে লুকিয়ে রাখা মোট ৩.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন রুবায়দা (১৮), পিতা: আজু মিয়া, গ্রাম: সেন্টমার্টিন,ফাতেমা খাতুন (২০), পিতা: মৃত দোস মাহমুদ, গ্রাম: সেন্টমার্টিন।,সারমিন (১৮), পিতা: মো. জাফর, গ্রাম: মাঠপাড়া, টেকনাফ। এ ঘটনায় পলাতক রয়েছেন— মো. আলী হোসেন, গ্রাম: সেন্টমার্টিন, টেকনাফ।
বিজিবি জানায়, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন মাদকবিরোধী এই অভিযান সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির জিরো টলারেন্স নীতিরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।