1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

একবার নির্যাতনের বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবার। পরে আপস-মীমাংসার মাধ্যমে স্বামীর সংসারে ফিরিয়ে দেওয়া হয়েছিল লিমা রানীকে। কিন্তু সেই আপসও শেষ পর্যন্ত তাঁর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। আবারও নির্যাতনের অভিযোগ, এবার আর বাবার বাড়িতে ফিরে আসা নয়—চিরদিনের জন্য নিথর হয়ে ফিরেছেন ২২ বছর বয়সী লিমা। তাঁর মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন স্বজন ও এলাকাবাসী।

দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে লিমা রানী (২২) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) গৃহবধূর বাবার বাড়ির এলাকা নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের তিন মাথা মোড়ে সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে নবাবগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের অখিল চন্দ্র সরকারের মেয়ে লিমা রানীর সঙ্গে পার্বতীপুর উপজেলার চাচেয়া খামার গ্রামের শিমুল চন্দ্র সরকারের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পরিবার নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল ও আসবাবপত্রসহ প্রায় ১৩ লাখ ৬১ হাজার টাকার উপঢৌকন দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে লিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। প্রায় দুই বছর আগে নির্যাতনের অভিযোগে তাঁর পরিবারের পক্ষ থেকে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৫৪৫/২০২৪ নম্বর মামলা করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপস-মীমাংসার মাধ্যমে তাঁকে স্বামীর বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, গত ৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে লিমার কাছে বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করা হয়। তিনি অপারগতা প্রকাশ করলে স্বামীসহ অন্য আসামিরা তাঁকে মারধর করেন। এ সময় ধারালো ব্লেড দিয়ে তাঁর দুই হাতের কবজির রগ কেটে দেওয়া এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগ করা হয়েছে।

পরদিন ৪ নভেম্বর ৯৯৯ নম্বরে খবর পেয়ে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন রাত ৯টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় লিমার ভাই সৌরভ চন্দ্র সরকার বাদী হয়ে ৫ নভেম্বর পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় মামলা করেন। মামলায় স্বামী শিমুল চন্দ্র সরকার, শাশুড়ি আরতী বালা, মিনতি রানী সরকার, চন্দনা রাণী ও প্রফুল্ল চন্দ্র সরকারসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি তোলেন তাঁরা।

একটি আপসের পরও কেন একজন নারীকে এমন পরিণতির মুখোমুখি হতে হলো—এ প্রশ্ন এখন এলাকাবাসীর। তাঁদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং লিমা রানীর পরিবার ন্যায়বিচার পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park