
মোঃসাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। গত ৩ ও ৪ নভেম্বর পরিচালিত এসব অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ এবং একটি বাইসাইকেল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৩ ও ৪ নভেম্বর ২০২৬ তারিখ ৩৩ বিজিবির অধীনস্থ কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও গাজীপুর বিওপির বিশেষ টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের বিবরণ অনুযায়ী—
কাকডাঙ্গা বিওপি: সীমান্ত পিলার ১৩/৩ এস-এর আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালি নামক স্থান থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প: বোয়ালিয়া মোড় নামক স্থান থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।
গাজীপুর বিওপি: সীমান্ত পিলার ৪ এর ৬ এস-এর আনুমানিক ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুরিঘাটা নামক স্থান থেকে ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং একটি হারকিউলিস বাইসাইকেল জব্দ করে।
সব মিলিয়ে অভিযানে মোট ৩ লাখ ৪০ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। এ ধরনের অবৈধ চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে সীমান্তে বিজিবির এই কঠোর অবস্থান ও দেশপ্রেমিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ। তাঁরা সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।