
তাসলিমা রত্না ময়মনসিংহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ময়মনসিংহের বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান সহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর-এর প্রতিনিধিবৃন্দ।
মনিটরিংকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে রমজানকে কেন্দ্র করে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে স্বাভাবিক মূল্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।