1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’: মন্ত্রে মোড়া মাঠ, আলো-ঢোলের নাচে মাতল গ্রাম - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’: মন্ত্রে মোড়া মাঠ, আলো-ঢোলের নাচে মাতল গ্রাম

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের পলিপ্রয়াগপুর দাখিল মাদ্রাসা মাঠে শুক্রবার বিকেল থেকে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লোকজ খেলা ‘পাতা খেলা’।

মাঠজুড়ে ছিল মানুষের ঢল। চারদিক থেকে নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা ভিড় জমায় খেলার অনন্য দৃশ্য দেখতে। মহাসড়কের পাশে হওয়ায় অনেকে পথিমধ্যে যানবাহন থামিয়ে খেলাটি উপভোগ করেন। মাঠের পাশে বসে যায় নানা দোকান ঝালমুড়ি, চটপটি, ফুচকা,চা, পাঁপড়, খেলনা সামগ্রী ও বেলুনের দোকান। চারদিক আলো আর উল্লাসে ভরে ওঠে যেন ছোট্ট এক গ্রামীণ মেলা।

এবারের খেলায় অংশ নেন ৬ জন গণক এবং ৩ জন পাতা (তুলা রাশির ব্যক্তি)। বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয় খেলা, যা চলে সন্ধ্যা পর্যন্ত। খেলায় গণকেরা নির্দিষ্ট পাতাদের দিকে মন্ত্রপাঠ করে পাতা নিক্ষেপ করেন। যার দিকে সবচেয়ে বেশি পাতা গিয়ে পড়ে, তাকেই বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী গণককে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি খাশি ছাগল, আর রানার্স আপ পান এক জোড়া রাজহাঁস। অংশগ্রহণ ফি হিসেবে প্রতিটি গণককে দিতে হয় ১,০০০ টাকা।

খেলার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল গণকদের নৃত্য ও আচার অনুষ্ঠান। তারা কারও হাতে মানুষের মাথার খুলি, কারও হাতে হাড়-হাড্ডি, সিঁদুর, চাকু, কলাগাছের কাণ্ড, বিভিন্ন পাত্র ও জ্বলন্ত মশাল সব মিলিয়ে তৈরি হয় এক রহস্যময় দৃশ্য। গান, ঢোল আর শঙ্খের আওয়াজের সঙ্গে মন্ত্র ও তন্ত্রের পাশাপাশি তারা নৃত্য করে পাতাদের দিকে আকর্ষণ সৃষ্টি করেন।

এবারের খেলায় বিশেষ দৃষ্টি কেড়েছে ফজিলা নামে নারী গণকের অংশগ্রহণ তিনি নিজের ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে খেলায় অংশ নেন। দর্শকদের জন্য এটি ছিল ব্যতিক্রম ও আনন্দদায়ক এক অভিজ্ঞতা।

খেলা শেষে গণক মোখলেছার রহমান বলেন, এই খেলায় বিশ্বাস, মন্ত্র আর কৌশলের মিশেল আছে। আমরা ছোটবেলায় এই খেলা দেখে মুগ্ধ হতাম, আজ আবার খেলতে পারছি এটাই সবচেয়ে বড় আনন্দ।

নারী গণক ফজিলা বলেন, মেয়েরা আগে এসব খেলায় অংশ নিত না। এবার সাহস করে এলাম। ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে খেলতে পেরে ভালো লাগছে।

পাতা হিসেবে অংশ নেওয়া রফিকুল (ছদ্মনাম) বলেন, খেলার সময় শরীর ভারী লাগে, ঘোরের মধ্যে থাকি। খেলা শেষে প্রচণ্ড ব্যথা হয় শরীরে, কিন্তু এই ঐতিহ্যের অংশ হতে পারাটাই বড় পাওয়া।

আরেকজন পাতা নিতুন্জু বলেন, এটা খেলা হলেও মনে হয় যেন এক অজানা শক্তির লড়াই। ব্যথা ভুলে যাই, যখন দেখি গ্রামের সবাই আনন্দে মেতে উঠেছে।খেলা শেষে প্রতিটি পাতাকে ৪০০ থেকে ৫০০ টাকা সম্মানী প্রদান করা হয়।

দর্শক বেলাল হোসেন খৈয়ম বলেন, এমন খেলা এখন খুব কম দেখা যায়। মানুষ আনন্দ পাচ্ছে, আবার গ্রামের পুরনো ঐতিহ্যও ফিরে আসছে।

গ্রামবাসী বলেন, শিশুদের জন্যও এটা শিক্ষণীয়। তারা জানছে আমাদের গ্রামের সংস্কৃতি কেমন ছিল।নৌবাহিনীর অবসর প্রাপ্ত এক সদস্য বলেন, পাতা খেলা আমাদের সংস্কৃতির অংশ। আগে প্রায়ই মাঠে এমন খেলা হতো, এখন হারিয়ে গেছে। আজকের আয়োজন প্রমাণ করল আমাদের তরুণরা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চায়।

সূর্য ডোবার পরও মাঠে মানুষের ভিড় ছিল অটুট। কেউ ঢোল বাজাচ্ছে, কেউ আলো জ্বালাচ্ছে, কেউ গল্প করছে পুরনো দিনের খেলার কথা।এই ‘পাতা খেলা’ যেন আবার মনে করিয়ে দিল গ্রামীণ জীবনের আনন্দ, রহস্য আর ঐতিহ্যের টান আজও ফুরিয়ে যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park