
শাহিন আলম টেকনাফ //
মিয়ানমার জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে কয়েকটি বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে।
এ তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরীর একটি বিশেষ টিম সীমান্ত পিলার-০৩ এলাকার মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯টি ফিশিং বোটসহ ১২২ জন জেলে আটক হয়। তাদের মধ্যে বাংলাদেশি ২৯ জন এবং রোহিঙ্গা ৯৩ জন।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, সম্প্রতি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশি জেলেদের মিয়ানমার সীমান্তে মাছ ধরার প্রবণতা বেড়ে গেছে। এতে প্রায় প্রতিদিনই আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে।
আটক জেলে ও জব্দকৃত ফিশিং বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জেলেদের নিরাপত্তায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।