
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
“সবুজে বাঁচি, গাছ লাগাই”—এই বার্তাকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ব্যাপক আকারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে দলটি পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
বুধবার (২ জুলাই) সকাল ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল—পরিবেশগত ভারসাম্য রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক বলেন, আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি গাছ লাগানো। একদিকে যেমন এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অন্যদিকে আর্থিকভাবেও এটি আমাদের উপকারে আসে।”
তিনি আরও বলেন, “ঔষধি গাছের গুরুত্ব শুধু গ্রামবাংলার প্রাচীন সংস্কৃতিতেই সীমাবদ্ধ নয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও এই গাছগুলোর গুরুত্ব দিন দিন বাড়ছে।”
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আনোয়ারুল ইসলাম বাবু, বিরামপুর পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল ও পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফীসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অনেকে।
এই কর্মসূচির আওতায় বিরামপুর উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন এলাকায় মোট ২১ হাজার ৬ শত ঔষধি ও ফলজ চারা বিতরণ করা হয়েছে। বিতরণ করা চারাগুলোর মধ্যে ছিল—মেহগনি, লেবু, পেয়ারা, রেইনট্রী, চিকরাশি, অর্জুন, বহেড়া ইত্যাদি।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এসব চারা হাতে হাতে পৌঁছে দেন ইউনিয়ন পর্যায়ে। অনেক এলাকাবাসী নিজের হাতে গাছ রোপণ করে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
চারা বিতরণের সময় স্থানীয় বাসিন্দারা বলেন, রাজনীতির পাশাপাশি পরিবেশ রক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো এভাবে ভাবলে দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। তারা নিজেরাও প্রতিশ্রুতি দেন, বাড়ির আশপাশে এবং পতিত জমিতে এই চারাগুলো লাগিয়ে বড় করবেন।
বিশেষজ্ঞদের মতে, এমন উদ্যোগ যদি নিয়মিত হয় এবং রাজনৈতিক দলগুলো দলীয় কর্মসূচির বাইরে এসেও সামাজিক দায়িত্ব পালনে আগ্রহী হয়, তাহলে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশ অনেক দূর এগিয়ে যাবে।
বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি অত্যন্ত জরুরি। বিরামপুরে বিএনপির এই উদাহরণ প্রমাণ করে, রাজনৈতিক দলগুলোরও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। এই ধরনের পদক্ষেপ শুধু পরিবেশের জন্যই নয়, জনগণের আস্থাও অর্জনের একটি পথ।