
আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে দুটিতেই জয়ী হয় বিএনপির প্রার্থী। নির্বাচনের পরপরই কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখান করে বিএনপি। সারাদেশে বিএনপির মোট ০৬ জন প্রার্থী এমপি নির্বাচিত হন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি ৪ জন এমপি অনেক জল্পনা কল্পনা শেষে ২০১৯ সালের ২৯ এপ্রিল নিদিষ্ট মেয়াদের শেষ দিনে শপথ নেন। এরমধ্যে ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান আগেই শপথ নিয়েছিলেন।
বিভিন্ন সময়ে বিএনপির নেতাকর্মীরাই অভিযোগ করেছেন, দলীয় সীধান্ত অমান্য করে ও আ.লীগের সাথে আতাতের মাধ্যমে এই পাঁচজন বিএনপি নেতা এমপি হিসেবে সংসদে গিয়ে তৎকালীন হাসিনা সরকারকে বৈধতা দেয়। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-০২ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে শপথ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও তৎকালীন যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ। যদিও তারা দুইজনই নির্ধারিত ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার বছরখানেক আগেই দলীয় সীধান্তে এমপি পদ থেকে পদত্যাগ করেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন দেয়া হয়েছে সাবেক এমপি আমিনুল ইসলাম ও হারুনুর রশীদকে। ২০১৮ সালে বির্তকিত নির্বাচনের পর শপথ নেয়ায় এই দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দলের শৃঙ্খলা ভঙ্গের দায় ও আ.লীগ সরকারের সাথে সমঝোতার দোষ চাপালেও এখন মুখে কুলুপ এঁটেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার (০৩ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দুই নেতার দলীয় মনোনয়ন ঘোষণা করার পর এনিয়ে আর কথা বলছেন না কেউই।
অথচ গত ৩১ অক্টোবর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে আমিনুল ইসলামকে দলীয় মনোনয়ন না দেয়ার আবেদন করেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। আবেদনপত্রে তারা আমিনুল ইসলামের বিরুদ্ধে ২০১৮ সালে রাতের ভোটকে বৈধতা দেয়া ছাড়াও কয়েকদিন আগে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে দুই বিএনপি কর্মীকে হত্যার অভিযোগ তুলেন। নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক সাক্ষরিত পত্রে সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী চাঁদাবাজির অভিযোগ তোলা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিএনপি নেতারা জানান, তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সীধান্ত মেনে নিয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়া নেতাদের পক্ষে কাজ করবেন। চাঁপাইনবাবগঞ্জ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, আজ বিএনপির সম্ভাব্য খসড়া মনোনয়ন ঘোষণা হয়েছে। এই তালিকাই চূড়ান্ত নয়,তবে অধিকাংশ ঠিক থাকবে । দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে দলের জন্য জীবন, পরিবার ও ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়েছি— শুধু দলের পতাকা উঁচু রাখতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে। সেই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ত্যাগের বিনিময়ে আজ মনোনয়ন না পাওয়াটা কষ্টের, তবে দলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই অটুট। আমি বিশ্বাস করি, নেতৃত্ব সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে। এখনও আশা রাখি— ত্যাগ, নিষ্ঠা ও জনগণের ভালোবাসার মূল্য দল অবশ্যই দেবে।
জেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম ২০১৮ সালে হারুনুর রশীদের শপথ নেয়া নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। সময় সংবাদকে তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহল যাকে ভালো মনে করেছে, তাকে দলের মনোনয়ন দিয়েছে। আমি ও আমার দলের সকল নেতাকর্মীকে নিয়ে তার পক্ষেই কাজ করব ধানের শীষকে বিজয়ী করতে।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ১৫৯ কেন্দ্রে আমিনুল ইসলাম পান ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী হারুনুর রশিদ। মোট ১৫০ কেন্দ্রে তিনি পেয়েছিলেন ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল ওদুদ পেয়েছিলেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।