
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রাণ ও প্রকৃৃতি রক্ষা করি-প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ি,এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ তাড়াশে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বে-সরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন এর উদ্যোগে চলনবিলে পরিবেশগত ঝুঁকি সমূহ করণীয় পর্যালোচনা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার পাবলিক লাইব্রেরির মিলনায়তনে বে-সরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন এর সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরের সভাপতিত্বে এই আলোচনা সভার প্রধান অতিথি, তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ্ আল মামুন।
বে-সরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন এর পরিচালক আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সনাতন দাস, প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা,সাংবাদিক মিলু সরকার, তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজ, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার সামছুজ্জহা, এনজিও কর্মী রোখসানা খাতুন।
এ সময় বক্তরা প্রাণ প্রকৃতি সমৃদ্ধ চলনবিলের তাড়াশ উপজেলার অধিকাংশ খাল-বিল দখল ভরাট, ফসলী জমি কেটে প্রায় ১২ থেকে ১৪ হাজার পুকুর খনন, ফসল উৎপাদনে প্রয়োজনের চেয়ে অধিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, পাখি নিধন, মৎস্য চাষে মাত্রারিক্ত গ্রোথ হরমন ব্যবহার, পরিবেশ বিপন্নকারী গাছ লাগানো, অপরিকল্পিত সড়ক, ব্রীজ, কালভার্ট নির্মাণ চলছে। পাশাপাশি বর্ষাকালে সুতি জাল, চায়না দুয়ারী জাল ব্যবহার করে মা ও ডিমওয়ালা মাছ নিধন করার মাধ্যমে জীববৈচিত্র্য ধ্বংস করায় পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। যা নিয়ে আলোচনা সভায় সকল বক্তার উদ্বিগ্নতা প্রকাশ করেন।