
মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধি :
প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের মৃদু হাওয়া আর কুয়াশা ভেজা সকালের আমেজ। শীতের এই স্নিগ্ধ রূপের সাথে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বাইহুনি গ্রামটিতে তৈরি হয়েছে এক মনমুগ্ধকর ও ব্যতিক্রমী দৃশ্য। স্থানীয় সংবাদকর্মী আব্দুল মোমিনের বাড়ির দুটি ‘কাগজি ফুল’ গাছ এখন শিস দিয়ে ডেকে চলা শত শত চড়ুই পাখির নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল ও বিকেলে হারিয়ে যাওয়া গ্রামীণ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন কৌতূহলী পথচারী ও এলাকাবাসী।
গাছজুড়ে চড়ুইয়ের মেলা
ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই শত শত চড়ুই পাখি এসে জড়ো হয় বাড়ির সামনের ওই দুটি ফুল গাছে। সকালের মিষ্টি রোদে গাছে গাছে চড়ুইয়ের দল বেঁধে কিচিরমিচির শব্দ আর তাদের নিখুঁত ও নান্দনিক ওড়াউড়ি এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। সকালের দিকে ঘণ্টা দুয়েক অবস্থানের পর পাখিগুলো আশপাশের মাঠে খাবার খুঁজতে ছড়িয়ে পড়ে। এরপর বিকেল নামতেই দল বেঁধে তারা আবার ফিরে আসে এই নির্দিষ্ট গাছ দুটিতে। শহুরে যান্ত্রিকতার ভিড়ে গ্রামের এই শান্ত পরিবেশে পাখিদের এমন কোলাহল যে কারও মনে এনে দেয় অন্যরকম প্রশান্তি।
বাড়ির মালিক ও আমাদের রূপালী বাংলাদেশের ও বাংলাপোস্ট এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিন জানান, শীতের আমেজ শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন নিয়ম করে এই ঘটনা ঘটছে। তিনি বলেন, “হঠাৎ করেই বাড়ির সামনের কাগজি ফুল গাছ দুটিতে বিপুল পরিমাণ চড়ুই পাখির এমন সমাগম সত্যিই অবাক করার মতো। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর পাখির এই কলকাকলি আর বিকেলে তাদের এই মেলা বসা আমাদের পুরো পরিবার ও প্রতিবেশীদের মুগ্ধ করছে। গাছ দুটি এখন এই চড়ুইগুলোর নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। পাখিদের সুরক্ষার কথা ভেবে আমরা পরিবারের সবাই এগুলোর প্রতি বিশেষ যত্নশীল থাকি, যাতে কেউ তাদের বিরক্ত না করে।”
প্রতিদিনের এই দৃশ্য উপভোগ করতে আসা বাইগুনি গ্রামের বাসিন্দা ও পথচারী হাবিবুর মোড়ল বলেন, “রাস্তা দিয়ে যাতায়াত করার সময় চড়ুই পাখির কিচিরমিচির শব্দ শুনেই মন জুড়িয়ে যায়। এখন শুধু আমি নই, রাস্তা দিয়ে যারাই যান, তারাই একটু থেমে এই দৃশ্য উপভোগ করেন।”
একইভাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় পাখির শব্দ শুনে বাড়িটিতে প্রবেশ করেন ‘ইমপালস ফার্মাসিউটিক্যালস’-এর সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মাসুম হোসেন। মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, “শত শত চড়ুই পাখির একসাথে কিচিরমিচির করার এই শব্দ বর্তমান ব্যস্ত সময়ে আমাদের শৈশবের গ্রামীণ রূপ মনে করিয়ে দেয়। দৃশ্যটি সত্যিই অসাধারণ।”
পরিবেশবিদ আশেক ই এলাহী সহ পরিবেশবিদরা বলেন অপরিকল্পিত শহরায়ন ও নির্বিচারে গাছপালা কেটে ফেলার কারণে যখন গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাখি ও জীববৈচিত্র্য হুমকির মুখে, তখন মানুষের বসতবাড়িতে এমন নিরাপদ আশ্রয়ে চড়ুই পাখির ঝাঁক বেঁধে বসবাস এক ইতিবাচক বার্তা দেয়। এটি প্রমাণ করে যে, সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ও প্রকৃতিপ্রেম আজও বন্যপ্রাণী ও পাখিদের রক্ষা করতে পারে। শীতের এই স্নিগ্ধ সকালে চড়ুইয়ের এই কলকাকলি সাতক্ষীরার পাটকেলঘাটার বাইহুনি গ্রামের পরিবেশকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।