
আব্দুল হাকিম সবুজ,রাজারহাট(কুড়িগ্রাম):প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার ‘ক্লিনিং স্যাটারডে’ কর্মসূচি পালন করা হয়েছে।
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান সহ হাসপাতালের চিকিৎসক,নার্স,সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্ন কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় হাসপাতালের ওয়ার্ড, করিডোর,আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং নালা-নর্দমা পরিষ্কার করা হয়।
আয়োজকরা জানান,রোগীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের উদ্যোগ হাসপাতালের সেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান, ভবিষ্যতেও ‘ক্লিনিং স্যাটারডে’ কর্মসূচি অব্যাহত রেখে স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও পরিচ্ছন্ন ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ চলমান থাকবে।