
সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কক্সবাজারের মহেশখালী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মজিবুর রহমান। একই সঙ্গে মহেশখালী থানার বিদায়ী ওসি মঞ্জুরুল হককে চট্টগ্রামের সাতকানিয়া থানায় বদলি করা হয়েছে।
০৮ ডিসেম্বর (সোমবার) বিকেলে মহেশখালীতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নতুন ওসি মজিবুর রহমান। তিনি এর আগে চট্টগ্রাম জেলা পুলিশের অধীনে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত সীতাকুণ্ডে তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন ও জননিরাপত্তা কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে জোরদার হয়। বিশেষ করে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সক্রিয় করে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
তার এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ২৬ মে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পরবর্তী আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” এবং “বিশেষ পুরস্কার”-এ ভূষিত করা হয়। এই অর্জনের মাধ্যমে তিনি একাধিকবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি লাভ করেন।
সীতাকুণ্ড মডেল থানায় দায়িত্ব পালনকালে মোঃ মজিবুর রহমান একজন দক্ষ, সৎ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। অপরাধ দমন, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছানোর কারণে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হন।
অন্যদিকে বদলি হওয়া বিদায়ী ওসি মঞ্জুরুল হক মহেশখালী থানায় দায়িত্ব পালনকালে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছিলেন। তার আমলেও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।
নতুন ওসি মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে দ্বীপ উপজেলা মহেশখালীতে সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অপরাধ দমন কার্যক্রম আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশাই এখন দ্বীপবাসীর।