
মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
অনার্স প্রথম বর্ষ (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা উপলক্ষে আজ শনিবার কুড়িগ্রাম সরকারি কলেজে ব্যতিক্রমধর্মী এক সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।
জনাব তারেক রহমানের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা ও দিকনির্দেশনার লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে একটি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে সংগঠনটি। কেন্দ্রটিতে সরবরাহ করা হয় কলম, পরীক্ষার কক্ষের তালিকা, সঠিক দিকনির্দেশনা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে ছাত্রদলের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে পাশে ছিলেন।
এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদল এর আহবায়ক আসাদুজ্জামান আকাশ, সদস্য সচিব মিলন রহমান, কুড়িগ্রাম জেলা ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক সদর উপজেলা সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আহাম্মেদ শাওন সহ কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক সদর উপজেলা সোহেল রানা বলেন “শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে এসে যেন কোনো ধরণের ভোগান্তিতে না পড়ে, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিরাপদ ও সহায়ক পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করুক।”
তথ্য সেবা কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, “আমি বাইরের উপজেলা থেকে এসেছি। কোথায় পরীক্ষা হবে, কিছুই বুঝতে পারছিলাম না। এই কেন্দ্র থেকে সহযোগিতা পেয়ে অনেক উপকার হয়েছে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই ছাত্রবান্ধব ও মানবিক উদ্যোগকে স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবকসহ সাধারণ মানুষ ব্যাপকভাবে প্রশংসা করছেন। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।