
শাহিন আলম টেকনাফ প্রতিনিধি:
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে অপহৃত কক্সবাজারের টেকনাফের নৌকাসহ ১৪ জেলে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকতে নৌকায় পৌছেন তারা।
তবে অভিযোগ উঠেছে, স্থানীয় দালালের মাধ্যমে দুই লাখ টাকার মুক্তিপণে ছেড়ে দেয় আরাকান আর্মি। এর আগে গত শনিবার টেকনাফের নাফনদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া থেকে গুলি ছুঁড়ে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
জেলেরা ফেরত আসার বিষয়টি স্বীকার করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়াডের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, ‘রাতের আঁধারে নৌকায় নিয়ে আরাকান আর্মি হাতে আটক থাকা জেলেরা ফিরেছে এসেছে। তবে তারা মুক্তিপণ দিয়ে ফিরেছেন, কিনা সেটি আমার জানা নেই। তবু বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। ‘
ফেরত আসা জেলে রহিম উল্লাহ বলেন, ‘ এখন ফিরে আসতে পেরে খুব খুশি। কারন আমরা মৃত্যুর মুখ থেকে ফিরেছি। আমরা সবাই অসুস্থত হয়ে পরেছি। ধরে নিয়ে যাওয়ার পর আমদের ব্যাপক মারধর করেছে।
কোন খাবার দেয়নি। মূলত আমাদের পরিবার স্থানীয়দের সহযোগিতায় আরাকান আর্মির সাথে যোগাযোগ করার পর, তারা আমাদের ছেড়ে দিয়েছে। টাকা দিয়েছে কিনা সেটি আমি বলতে পারি না।’
ফেরত আসা জেলে গিয়াস উদ্দিনের মা রশিদা খাতুন বলেন, ‘আমার তিন ছেলেসহ পরিবরারের পাচঁজন ফিরে এসেছে। এর চেয়ে আনন্দের কি আর হতে পারে। তাদের ধরে নিয়ে যাওয়ার পর আমাদের খুব দু:চিন্তায় ছিলাম। এখন চিন্তা মুক্ত হয়েছি। তবে জেলেরা খুব অসুস্থ হয়ে পরেছে, তাদের জন্য দোয়া করবেন।