
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে মানব পাচারচক্রের হাত থেকে ৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ জানুয়ারি ২০২৬) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে কচ্ছপিয়া এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, বিজিবিএম, পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—একটি সংঘবদ্ধ মানব পাচার চক্র সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানুষ পাচারের প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে বিজিবির একাধিক টহল দল মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকার ঝোপঝাড় ও কৃষিজমিতে কৌশলগত অবস্থান নেয়।
এসময় পাচারকারীরা ভুক্তভোগীদের ভূট্টাক্ষেত ও পানের বরজের মাঝামাঝি স্থানে জিম্মি করে রেখে ট্রলারে তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় বিজিবি। হঠাৎ বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা রাতের অন্ধকারে ভুক্তভোগীদের প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে দলের কিছু সদস্যকে সঙ্গে নিয়ে পাশ্বর্বতী পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৩ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা বিজিবিকে জানান, উন্নত আয়ের প্রলোভন, ভালো চাকরি ও উজ্জ্বল ভবিষ্যতের কথা বলে মানব পাচারচক্র তাদেরকে সাগরপথে বিদেশ পাঠানোর ফাঁদে ফেলেছিল। তবে বিজিবির তৎপরতায় তাদের জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মাদক ও মানব পাচারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় কোনো অপরাধী চক্রের জন্য এক ইঞ্চি জায়গাও নিরাপদ থাকবে না। মানব পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ভুক্তভোগীদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় পলাতক পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।