
সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনের প্রচার-প্রচারণার মুহূর্ত যেনো অন্যরকম। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে সুসম্পর্ক গড়ে তুলছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দুইবারের সাবেক এমপি আলমগীর ফরিদ। ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর ও দক্ষিণ কুলে দিনভর ঘরোয়া গণসংযোগ করেছেন। ডোর টু ডোর ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি প্রতিটি বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন। এছাড়াও সন্ধ্যায় লম্বাঘোনা বাজার সহ আশেপাশের এলাকায় গণসংযোগ করেছেন।
আলমগীর ফরিদ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা শোনেন এবং নির্বাচিত হলে উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। তাঁর সঙ্গে ছোট মহেশখালী ইউনিয়ন বিএনপি’র নেতা ও সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাঁশি সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অঞ্চলজুড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে। ডোর টু ডোর প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে সরব আলোচনা চলছে। অনেকেই জানান, দীর্ঘদিন পর প্রার্থীকে এত কাছ থেকে পেয়ে তাদের নানা প্রশ্ন ও অভিযোগ জানাতে পেরেছেন।
নির্বাচনকে সামনে রেখে ছোট মহেশখালীতে প্রধান দুই রাজনৈতিক দলই প্রচারণা জোরদার করেছে। তবে আলমগীর ফরিদের এ গণসংযোগে এলাকায় বিএনপির কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।