
মোজাম্মেল হক হিরন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
দীর্ঘদিন কিডনির জটিল রোগে ভুগে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য আফজাল হোসেন হিমেলের কন্যা হুমায়রা আক্তার মৌমিতা। রোববার সকাল ৮টার দিকে রাজধানীর কিউর স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, বাদ মাগরিব মাইজবাগ ইউনিয়নের হারুয়া হারুননগর জামে মসজিদে মৌমিতার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তবে সন্তানের শেষ বিদায়ে থাকতে পারেননি হতভাগ্য বাবা হিমেল। গ্রেপ্তার আতঙ্কে মেয়ের জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি তিনি।
নিজের ফেসবুক পোস্টে হিমেল লেখেন—
“বাদ মাগরিব, হারুয়া হারুননগর জামে মসজিদে মৌমিতার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। আমি জানাজায় অংশগ্রহণ করতে পারব না। আমি আপনাদের হাতে ও মহান আল্লাহ তায়ালার হাতে আমার মেয়েকে দিয়ে দিলাম।”
কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদককে হিমেল জানান,
“মৌমিতার শরীর কিছুদিন পরপর ফুলে যেতো। চিকিৎসা করালে পানি কিছুটা কমতো। চিকিৎসকরা জানালেন, ওর কিডনির সমস্যা। মেয়েটাকে বাঁচাতে যা সম্ভব, করেছি। নিজের সর্বস্ব শেষ করে, মানুষের সাহায্য নিয়ে চিকিৎসা চালিয়ে গেছি। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট—শেষ সময়ে ওর পাশে থাকতে পারলাম না। জানাজাতেও থাকতে পারলাম না।”
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা শোক প্রকাশ করে জানান, মৌমিতা ছিল ভীষণ মেধাবী ও ভদ্র মেয়ে। তার অকাল মৃত্যু ও বাবার অনুপস্থিতি এলাকার মানুষকে ভীষণভাবে মর্মাহত করেছে।##
##মোজাম্মেল হক হিরন
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ